শিরোনাম

ঈদের দিনেই ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কা—তাপমাত্রাও কমতে পারে

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

 

আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে বিরূপ আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এই পরিস্থিতি বেশি দেখা যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২২ মার্চ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর