তারা ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ, সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনের অঙ্গীকার
‘সবাই মিলে জ্বালাই আলো’—এই স্লোগানকে সামনে রেখে পাঁচ বছর আগে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারা ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গতকাল ১৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়া হয়। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদকে ঘিরে প্রিয়জনদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু সহায়তা নয়, বরং একটি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রয়াস।
প্রতিষ্ঠালগ্ন থেকে ‘তারা ফাউন্ডেশন’ সরাইল উপজেলায় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায়দের বিয়ের ব্যবস্থা করা, দুস্থদের আর্থিক সহায়তা, অসংখ্য রোগীর চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, এতিম শিশুদের সহযোগিতা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অংশগ্রহণ।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের এই কার্যক্রম সমাজে ‘সদকায়ে জারিয়া’ হিসেবে অব্যাহত থাকবে। পাশাপাশি, ‘তারা ফাউন্ডেশন’ সরাইল উপজেলায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে এবং ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন

