শিরোনাম

ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবের প্রস্তুতি চললেও একই সঙ্গে বৈরী আবহাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এর আগে ও পরে বৃষ্টি কিছুটা কমলেও ঈদের দিন ঝড়ের আশঙ্কা বেশি থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু এলাকা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরপরের ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে, যদিও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) ও শনিবার (২১ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর