শিরোনাম

বাংলাদেশে যেভাবে চাঁদ দেখা হয়ে থাকে

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

 

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন হয়—এমন ধারণা প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, বিষয়টি সঠিক নয়। তিনি জানান, বাংলাদেশে নিজস্ব প্রক্রিয়ায় চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

চাঁদ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছাদে থিওডোলাইট যন্ত্র বসিয়ে আবহাওয়া অধিদপ্তরের সহায়তায় আকাশ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং তা দ্রুত গণমাধ্যমে প্রকাশ করা হয়।

বর্তমানে ২০ সদস্যের এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম-উলামা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় পর্যায়েও চাঁদ দেখা কমিটি কাজ করে, যারা তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় পর্যায়ে পাঠায়।

উল্লেখ্য, প্রতিবছর রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ গুরুত্বপূর্ণ ইসলামিক দিবসের তারিখ নির্ধারণে চান্দ্রমাসের ২৯ তারিখে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

মন্তব্য করুন