২০৩০ সালে ৩৬ টি রোজা রাখতে হবে মুসলমানদের
পবিত্র রমজান মাসে সাধারণত মুসলমানরা ২৯ বা ৩০টি রোজা পালন করেন। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০৩০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩৬-এ। কারণ ওই বছরে গ্রেগরিয়ান (ইংরেজি) বর্ষপঞ্জির মধ্যে পড়বে দুটি রমজান মাস।
দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি জানিয়েছেন, সৌর ও চন্দ্র বছরের পার্থক্যের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। চন্দ্র বছরের হিসাব অনুযায়ী প্রতিটি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হয়। ফলে প্রতি বছর রমজান এগিয়ে আসে।
এই ধারাবাহিক ব্যবধানের ফলেই ২০৩০ সালে বছরের শুরুতে একটি রমজান এবং বছরের শেষদিকে আরেকটি রমজান পড়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের প্রথম রমজান শুরু হতে পারে ৫ জানুয়ারি এবং তা শেষ হবে ফেব্রুয়ারির শুরুতে। এতে পূর্ণ ৩০টি রোজা পালিত হবে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে পারে পরবর্তী রমজান, যার প্রথম কয়েকটি রোজা পড়বে ২০৩০ সালেই। ফলে পুরো বছর মিলিয়ে মোট রোজার সংখ্যা দাঁড়াতে পারে ৩৬টি।
এছাড়া জ্যোতির্বিদরা আরও জানিয়েছেন, ২০৩৩ সালেও একই ধরনের বিরল ঘটনা ঘটতে পারে। সে বছরও দুইবার রমজান পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তিনটি ঈদ উদযাপিত হতে পারে।
তবে এসবই জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস। চূড়ান্তভাবে রমজান শুরুর তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে।
মন্তব্য করুন

