আজ রাতেই ঝড়ের পূর্বাভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে রাত থেকেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এই সময়ে বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। বিশেষ করে খোলা জায়গা, নদী বা জলাশয়ে অবস্থানরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে যাত্রী চলাচল বাড়ায় এই আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভোগান্তি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা জরুরি প্রয়োজন ছাড়া নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়ার অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা জারি করা হতে পারে।
মন্তব্য করুন

