শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমি দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমি এলাকাজুড়ে থেমে থেমে যানজট

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্দ্রা বাস টার্মিনালসংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাপ থাকলেও বড় ধরনের যানজট না থাকলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতি ভিন্ন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সফিপুর থেকে চন্দ্রা টার্মিনাল এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত অংশে থেমে থেমে যানজট লেগে আছে। যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের পাশাপাশি মহাসড়কের পাশে কারখানাগুলোর সামনে বাস দাঁড় করিয়ে রাখাও যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে।

ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা অধিকাংশ বাস আগেই পূর্ণ হয়ে আসায় চন্দ্রা এলাকায় যাত্রী ওঠানোর সুযোগ কম। ফলে স্থানীয় যাত্রীদের জন্য মহাসড়কের পাশে অসংখ্য পরিবহন দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেগুলোর বেশিরভাগই কারখানা শ্রমিকদের জন্য আগেই ভাড়া করা। এতে সড়কে চলাচলে বিঘ্ন ঘটছে।

এদিকে, শিল্পাঞ্চল গাজীপুরে ধাপে ধাপে কারখানা ছুটি ঘোষণার ফলে আজ বুধবার থেকে যাত্রীচাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন প্রায় ৪০ শতাংশ কারখানা ছুটি পাচ্ছে, আর বৃহস্পতিবার (১৯ মার্চ) আরও ৮৩৩টি কারখানা বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবারও প্রায় ২৫ শতাংশ কারখানায় ছুটি দেওয়া হয়।

ঘরমুখো একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই আগের দিন রওনা না হয়ে আজ সকালে যাত্রা শুরু করেছেন। ফলে একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে মহাসড়কে।

এক শ্রমিক জানান, আগের দিন ছুটি পেলেও আজ সকালে রওনা দিয়েছেন। যানজট থাকলেও যানবাহনের অভাব নেই, তবে কিছু পরিবহনে ভাড়া তুলনামূলক বেশি নেওয়া হচ্ছে।

অন্যদিকে, কোনাবাড়ী এলাকা থেকে যাত্রা করা এক নারী শ্রমিক বলেন, কারখানা থেকে সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দীর্ঘ ছুটি ও বেতন-বোনাস পাওয়ায় ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, গতকাল থেকেই যাত্রীচাপ বাড়তে শুরু করেছে এবং দুপুরের পর তা আরও বাড়বে। মহাসড়কের পাশে শ্রমিকদের জন্য ভাড়া করা বিপুলসংখ্যক যানবাহন দাঁড়িয়ে থাকায় সড়কে চাপ তৈরি হচ্ছে, যা যানজটের অন্যতম কারণ।

মন্তব্য করুন