সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামের ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০-২৫টি গ্রামের মুসল্লিরা আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
কুশখালী বাউকোলা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই জামাতে ইমামতি করেন মওলানা মহব্বত আলী। এতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা, পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লিরা অংশ নেন।
ঈদের নামাজে অংশ নিতে কলারোয়া উপজেলার গোয়ালচত্বর গ্রাম থেকে আসা আলি হোসেন জানান, তিনি সকাল ৭টায় বাড়ি থেকে রওনা হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে নামাজ আদায় করেন।
পাইকগাছা উপজেলা থেকে আগত জিএম হাসান মাহবুব বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে তারা আগেই নিশ্চিত হয়েছিলেন। তাই সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে একই দিনে ঈদ উদযাপন করাকেই তারা যৌক্তিক মনে করেন।
নামাজ শেষে খুতবায় মওলানা মাহবুবুর রহমান বলেন, তারা একদিন আগে থেকেই রোজা শুরু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় শাওয়ালের প্রথম দিনেই ঈদের নামাজ আদায় করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন সবাই একই দিনে ঈদ উদযাপন করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের আহ্বান জানান।
স্থানীয় মুসল্লিদের দাবি, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সময় অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের একদিন আগেই ঈদ উদযাপন করেছেন তারা।
মন্তব্য করুন

