শিরোনাম

২১ ঘন্টার আলোচনা ব্যার্থ, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা হয়নি, জানালেন জেডি ভ্যান্স

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এই বৈঠক চলে।

আলোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো চুক্তি হয়নি। তিনি উল্লেখ করেন, আলোচনায় কিছু অগ্রগতি থাকলেও মূল বিষয়ে মতৈক্য গড়ে ওঠেনি।

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে—কোন কোন বিষয়ে আপস সম্ভব এবং কোনগুলোতে নয়। তবে ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেন ভ্যান্স। তিনি বলেন, পুরো আয়োজনজুড়ে পাকিস্তান আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে এবং দুই দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছে।

ইরান ঠিক কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ না করলেও ভ্যান্স বলেন, আলোচনার গোপনীয়তা বজায় রাখতেই এ বিষয়ে খোলাসা করতে চান না। তবে যুক্তরাষ্ট্রের মূল দাবি হিসেবে তিনি বলেন, ইরানকে এমন একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এ ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা থেকেও বিরত থাকবে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও মূল উদ্বেগ রয়ে গেছে তাদের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য নিয়ে। যুক্তরাষ্ট্র এখনো ইরানের পক্ষ থেকে নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দেখতে পায়নি, তবে ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতির আশা করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর