বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী ডা. কামরুলের পক্ষে বিবৃতি দিলেন জামায়াত আমীর
বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনসহ মানবিক চিকিৎসাসেবার জন্য পরিচিত অধ্যাপক ডা. কামরুল ইসলামকে ঘিরে চাঁদাবাজ চক্রের হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, ডা. কামরুল ইসলাম কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসক নন, বরং অসহায় ও দরিদ্র মানুষের নির্ভরতার প্রতীক। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র রাজনৈতিক আশ্রয়ে তার কাছে অবৈধ চাঁদা দাবি করে আসছিল। তবে তিনি নীতিগত অবস্থান থেকে সেই দাবি প্রত্যাখ্যান করেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, চাঁদাবাজরা শেষ পর্যন্ত একজন জ্যেষ্ঠ ও সম্মানিত চিকিৎসকের প্রতিও ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন না করে তার সঙ্গে অশোভন আচরণ করেছে। তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজসেবামূলক চিকিৎসা কার্যক্রম থেকে জনগণকে বঞ্চিত করছে কারা, তা এখন স্পষ্ট।
তিনি আরও বলেন, এই দুষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। জনগণ এর দৃশ্যমান প্রতিকার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে ডা. কামরুল ইসলামের সুস্বাস্থ্য ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মন্তব্য করুন

