শিরোনাম

সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন না জামায়াতের এমপির স্ত্রী কন্যারা

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাই প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী নির্বাচনে এবার পরিবারতন্ত্র বা ব্যক্তিগত প্রভাবের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

দলটির দাবি, এ প্রক্রিয়ায় বর্তমান কোনো সংসদ সদস্যের স্ত্রী, কন্যা বা নিকটাত্মীয়কে মনোনয়ন দেওয়া হয়নি। রাজনৈতিক অঙ্গনে যেখানে পরিবারভিত্তিক মনোনয়ন নিয়ে সমালোচনা রয়েছে, সেখানে জামায়াতের এই উদ্যোগ ইতোমধ্যে আলোচনায় এসেছে।

জামায়াতের সংশ্লিষ্ট নেতারা জানান, সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা, নেতৃত্বদানের সক্ষমতা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করা হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরে মতামত নিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

দলটির ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আব্দুল হালিম বলেন, নারী নেতৃত্বকে যথাযথ গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়া হচ্ছে। তিনি জানান, এমন প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা সংসদে গিয়ে নারী সমাজ ও দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

জামায়াতের মহিলা বিভাগের পক্ষ থেকে প্রস্তাবিত তালিকায় কেন্দ্রীয় নেত্রী ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অধ্যাপিকা নুরুন নেসা সিদ্দিকা, প্রকৌশলী মারদিয়া মমতাজ, ডা. আমিনা বেগম রহমান, শাহান আরা বেগম এবং ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্নীসহ আরও কয়েকজন।

এদিকে, সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ১৩টি আসন পেতে যাচ্ছে। এর মধ্যে জামায়াত ১২টি এবং জোটের শরিক এনসিপি ১টি আসন পেতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জোটের শরিকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

আবারও সংসদে ওয়াকআউট করলো বিরোধীদল