শিরোনাম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যে শর্ত দিল ইরান

প্রকাশনার সময়: ৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করবে ইরান। তবে ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ‘যুদ্ধ’ ও ‘যুদ্ধবিরতি’ একই সঙ্গে চলতে পারে না। যেকোনও একটা বেছে নিতে হবে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালি হাজার হাজার বছর ধরে খোলা ছিল। এটি কোনো আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের ‘সদিচ্ছার’ ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র ‘বাস্তবে এই আগ্রাসন থেকে সরে না এলে’ প্রণালি পুনরায় খোলা হবে না।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মূলত, লেবাননে ইসরায়েলের হামলার কথাই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

সাংবাদিক নিক রবিনসন জানতে চান, নিরাপদ চলাচল বলতে কি বোঝানো হচ্ছে যে ইরান কি প্রণালি দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে ফি আদায় করবে না, কিংবা জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেবে না? জবাবে ইরানের মন্ত্রী বলেন, ইরান চায় প্রণালিটি ‘শান্তিপূর্ণ’ থাকুক। 

তিনি আরও যোগ করেন, ইরান আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলবে। নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয়, এবং উপসাগরকে যেন যুদ্ধজাহাজের মাধ্যমে ‘অপব্যবহার’ করা না হয়—তা ইরান মেনে নেবে না।

মন্তব্য করুন