শিরোনাম

গণভোটের বৈধতা তো আছেই, অবৈধ বলছিনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, গণভোট অধ্যাদেশের আওতায় অনুষ্ঠিত গণভোট আইনগতভাবে বৈধ। তিনি বলেন, “এটির বৈধতা আছে—এটা অবৈধ নয়। সংবিধানের চতুর্থ তফসিলে পূর্ববর্তী সরকারের বেশিরভাগ কার্যক্রম বৈধতা পেলে, এটিও স্বয়ংক্রিয়ভাবে বৈধতা পাবে।”

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও ব্যাখ্যা করেন, এই অধ্যাদেশকে নতুন করে আইনে রূপান্তরের প্রয়োজন নেই। কারণ বর্তমান আইনের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে না। ভবিষ্যতে গণভোট আয়োজন করতে হলে তা সংবিধানের ভেতরে বা বাইরে—যেভাবেই হোক—একটি পৃথক আইন প্রণয়ন করতে হবে।

তিনি জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা থাকলেও সীমিত কার্যদিবসের মধ্যে মাত্র ১২-১৩ দিনে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা সম্পন্ন করা হয়েছে, যা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

সময় স্বল্পতার কারণে কিছু বিলের কপি ও তুলনামূলক বিবরণ (কম্পারেটিভ স্টেটমেন্ট) সংসদে উপস্থাপনের আগে যথেষ্ট সময় পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে স্পিকারকে অবহিত করা হলে, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সময় মওকুফের ক্ষমতা প্রয়োগ করা হয়।

মন্ত্রী আরও জানান, অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করা হয়েছে। ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে বিল হিসেবে উত্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া কিছু অধ্যাদেশ সংশোধন, বাতিল বা সংরক্ষণের সুপারিশও করা হয়েছে।

মন্তব্য করুন