ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক দ্বিতীয় দিনে, হরমুজ প্রণালী ইস্যুতে অগ্রগতি নেই
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। প্রথম দিনের বৈঠকে লেবাননে সামরিক উত্তেজনা কমানোর বিষয়ে অগ্রগতি হলেও হরমুজ প্রণালি নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।
রোববার (১২ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে বলে দাবি উঠেছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানায়, হরমুজ প্রণালি ইস্যুতে মতপার্থক্য বহাল থাকলেও লেবাননে হামলা কমানোর বিষয়ে তেহরান কিছু নিশ্চয়তা পেয়েছে। দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টার আলোচনার পর এখন দুই পক্ষ বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া প্রস্তাব বিনিময় করছে। এতে করে একটি বৃহত্তর সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে।
আলোচনার মধ্যেই হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ফলাফল যাই হোক যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত লাভবান হবে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করা হয়েছে এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি এবং সামনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনায় কঠোর শর্ত আরোপের কথাও জানিয়েছেন তিনি।
মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে তাদের দুটি যুদ্ধজাহাজ চলাচল করেছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি দেখা গেলে তার জোরালো জবাব দেওয়া হবে।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরাইলি হামলার ঘটনায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় একাধিক হামলার কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে।
মন্তব্য করুন

