স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিউগলের করুণ সুর বেজে উঠলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন। প্রথমে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের অন্যান্য সদস্যরাও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বজনরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শহিদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
মন্তব্য করুন

