১ কোটি ৬৫ লাখ কৃষকের জন্য আসছে ‘কৃষক কার্ড’, মিলবে ১০ ধরনের সুবিধা
সরকারি সুবিধা সহজভাবে কৃষকের হাতে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী চার বছরে দেশের ১ কোটি ৬৫ লাখ কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এই কার্ডের আওতায় শুধু কৃষকরাই নয়, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এই কার্ডের মাধ্যমে একজন কৃষক ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য এবং রোগবালাই দমনে পরামর্শ।
কার্ডের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী সার ক্রয়ের সুযোগ নির্ধারণ করা হবে, যা অতিরিক্ত সার ব্যবহারের প্রবণতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে কৃষকদের জন্য বিদ্যমান অন্যান্য ভাতা বা সুবিধাও এই কার্ডের আওতায় একীভূত করা হবে। তবে কার্ডের মাধ্যমে সুবিধা প্রদানের পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি; কয়েকটি উপজেলায় পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য কৃষকদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা। এ জন্য প্রতিটি কৃষকের নামে সোনালী ব্যাংকে ব্যাংক হিসাব খোলা হবে। প্রথম ধাপে ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও জানান, কৃষক কার্ডে কৃষকের প্রায় ৪৫ ধরনের তথ্য সংরক্ষণ করা হবে, যাতে সরকারি আর্থিক সহায়তা সঠিকভাবে কৃষি খাতে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।
মন্তব্য করুন

