শিরোনাম

টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

 

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টিপাতের পরিধি ধীরে ধীরে বাড়তে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। ২৩ মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

২৪ মার্চ থেকে পরিস্থিতির আরও পরিবর্তন দেখা যেতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিচ্ছিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৫ মার্চ ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

২৬ মার্চ আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন