তেল সংকট ঘিরে উত্তেজনা: পাম্পে হামলা ঠেকাতে মালিকদের সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে অস্বাভাবিকতা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের ছুটি শেষে ব্যাংক কার্যক্রম স্বাভাবিক হলে পে-অর্ডারের মাধ্যমে তেল সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে।
তবে এরই মধ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সংকটকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেক স্থানে গ্রাহকদের সঙ্গে স্টেশন স্টাফদের বাকবিতণ্ডা, এমনকি মারধর ও ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে ফিলিং স্টেশন মালিকদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট মালিক ও ডিলার সংগঠনগুলো। সোমবার (২৩ মার্চ) সংগঠনগুলোর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ ব্যাহত হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তাদের চাপ ক্রমাগত বাড়ছে, যার ফলে অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ অবস্থায় ফিলিং স্টেশন সচল রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, স্টেশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
মন্তব্য করুন

