দেশে তীব্র জ্বালানি সংকট, যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সকল পেট্রোল পাম্প
দেশে জ্বালানি তেলের ঘাটতি ও নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করায় যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে পাম্পগুলোতে সরবরাহ করা দৈনিক জ্বালানি দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত চাপের কারণে পাম্পে কর্মরত কর্মচারীরাও শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক ক্ষেত্রে অস্বাভাবিক চাহিদা ও বিশৃঙ্খলার কারণে স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি দিনে একাধিকবার তেল সংগ্রহ করে তা বেশি দামে পুনরায় বিক্রি করছেন। আবার অনেকে আংশিক ভর্তি ট্যাংক নিয়েও বারবার তেল নিতে আসছেন, ফলে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।
সংগঠনটির দাবি, পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কোথাও কোথাও গভীর রাতে সংঘবদ্ধভাবে এসে জোরপূর্বক পাম্প খুলিয়ে তেল নেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি জ্বালানি পরিবহনকারী ট্যাংকার লুট হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তারা জানিয়েছে।
ঈদের আগের দিন কয়েকটি পাম্পে জ্বালানির মজুত দ্রুত শেষ হয়ে যাওয়ার উদাহরণ তুলে ধরে সংগঠনটি জানায়, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার জন্যও প্রয়োজনীয় জ্বালানি সংরক্ষণ করা সম্ভব হয়নি। কিছু ক্ষেত্রে জোর করে সেই সংরক্ষিত তেলও নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
এ অবস্থায় দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা হলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছে সংগঠনটি।
মন্তব্য করুন

