সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে শঙ্কা
হঠাৎ করে নেমে আসা ব্যাপক শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা। রোববার বিকেলে কয়েক দফা শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে তীব্র শিলাবৃষ্টি। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চলা এ শিলাবৃষ্টিতে অনেক স্থানে ধানক্ষেত, সবজি ক্ষেত ও ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকরা জানান, বর্তমানে বোরো ধান পাকতে শুরু করেছে। এ সময় শিলাবৃষ্টি হলে ধানের শীষ ভেঙে পড়া বা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে চলতি মৌসুমে কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এদিকে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। তাই কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

