বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু
হেডলাইন:
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে গাড়িতে করে ফিরছিলেন। পথে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন অস্ত্রধারী তার গাড়ির গতিরোধ করে। এরপর খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলার সময় গাড়িচালকও গুলিবিদ্ধ হন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে মধ্যমগ্রাম চৌমাথা এলাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি নেতৃত্ব। দলটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত হামলার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
মন্তব্য করুন

