শিরোনাম

চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ৬ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী জেলা সফর করবেন।

বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুর ও ফেনীতে বিশেষ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ওই সফরে বিভিন্ন সরকারি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মে মাস পর্যন্ত খনন কার্যক্রম চলবে; বর্ষা শেষে নভেম্বর-ডিসেম্বর থেকে পুনরায় কাজ শুরু হবে।

মন্ত্রী বলেন, নিজ নিজ এলাকায় এ কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রী ও সংসদ সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

এদিকে সচিবালয়ের বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন