শাপলা চত্বরের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হতে আগ্রহ প্রকাশ করেছেন পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার জামিন শুনানির সময় এ কথা জানান তার আইনজীবী মো. আলী হায়দার।
শুনানিতে জলিল মণ্ডল নিজেও বলেন, তিনি আদালতকে সহযোগিতা করতে চান এবং প্রয়োজনে রাজসাক্ষী হতে প্রস্তুত। তিনি দাবি করেন, তিনি পালিয়ে যাননি; বরং নিজ বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরা হয়—তার হার্টে সাতটি ব্লক রয়েছে বলে জানান আইনজীবী।
তবে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন খারিজ করে দেন। আদালত মন্তব্য করেন, অসুস্থতাকে জামিনের যথেষ্ট কারণ হিসেবে দেখা যাচ্ছে না। যদিও রাজসাক্ষী হওয়ার বিষয়ে ট্রাইব্যুনাল কোনো মন্তব্য করেননি।
গত ৩০ মার্চ ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০১৩ সালের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন। পরে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ওই ঘটনায় ঢাকাসহ চার জেলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ২০২৪ সালে এ ঘটনায় মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।
বর্তমানে এ মামলায় একাধিক উচ্চপদস্থ সাবেক কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন। আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন

