ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে ইমামকে হত্যা
ভারতের উত্তরপ্রদেশে এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ মে) The Indian Express-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি গত ২৭ এপ্রিল বেরিল্লি জেলায় ঘটে। শুরুতে পুলিশ ধারণা করেছিল, ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ইমামের মৃত্যু হয়েছে। তবে পরে একটি অডিও রেকর্ড সামনে আসার পর সন্দেহ জোরালো হয় যে, তাকে ট্রেনের ভেতরে নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।
নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রেজা। পরিবারের পক্ষ থেকে প্রকাশিত অডিও ক্লিপে শোনা যায়, তিনি ফোনে তার স্ত্রী তাবাসসুমকে জানাচ্ছেন যে ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে। তিনি বিষয়টি পুলিশকে জানাবেন বলেও উল্লেখ করেন।
পরিবারের দাবি, তাকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং পরে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। তৌসিফের চাচা জানান, তাদের বিশ্বাস—ট্রেনের ভেতরেই তাকে নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়েছে।
তৌসিফের স্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, তার স্বামী ফোনে সাহায্যের কথা জানিয়েছিলেন। তিনি অন্য যাত্রীদের সহযোগিতা নিতে বললেও তৌসিফ জানান, পরিস্থিতি তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।
এদিকে, পুলিশ প্রথমে পরিবারকে জানিয়েছিল যে তৌসিফ লাগেজসহ দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে গেছেন। তবে নতুন তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে। পরিবারের পক্ষ থেকে রোববার (৩ মে) একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

