দেশে স্বর্ণের দামে আরো পতন, ভরিতে কমলো ২১৫৮ টাকা

প্রকাশনার সময়: ৫ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দামে ফের সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। নতুন এ দর মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি পড়বে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দাম বেড়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

রুপার ক্ষেত্রেও চলতি বছরে ৩৬ বার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। গত বছর এ সংখ্যা ছিল ১৩, যেখানে বেশিরভাগ সময়ই দাম বেড়েছিল।

মন্তব্য করুন