রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীরও। এই সংকট দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করার পরও মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে।
বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দুই দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর থেকে প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ অব্যাহত রেখেছে। এছাড়াও চীন, ভারত, আসিয়ানভুক্ত দেশ, মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সমন্বিত উদ্যোগে সংকট সমাধানে আলোচনা চলছে।
রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো ভালো হয়নি, রাখাইনসহ অন্যান্য অঞ্চলের অবস্থাও অত্যন্ত নাজুক। এর মাঝেও রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে শিগগিরই ফেরত পাঠাতে চায় সরকার। আমরা আশা করি রোহিঙ্গারা নিজ দেশে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করবে এবং তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
মন্তব্য করুন

