শুভেন্দুর কাছে ১৫ হাজার ভোটে হেরে গেলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখে পড়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী প্রায় ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছে NDTV।
এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দিগ্রামেও শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। পরবর্তীতে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি পুনরায় বিধানসভায় ফিরে আসেন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে এবারের নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেস বড় ধরনের ধাক্কা খাওয়ায় ক্ষমতার পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
ভোটগণনার শুরুতে এগিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবধান কমতে থাকে। বিকেলের দিকে পরিস্থিতি বদলে যায়, যখন শুভেন্দু ধীরে ধীরে এগিয়ে যান। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেয়। এক পর্যায়ে দুই প্রার্থীই গণনাকেন্দ্রে উপস্থিত হলে নিয়ম অনুযায়ী তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। সন্ধ্যার পর ফলাফল স্পষ্ট হতে শুরু করলে শুভেন্দু এগিয়ে যান, আর মমতা কেন্দ্র ত্যাগ করেন।
এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন

