শিরোনাম

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়ক চার লেন করার জন্য ৪০০ কোটি টাকার প্রকল্প শীঘ্রই: এমপি জি. কে গউছ

প্রকাশনার সময়: ৭ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দীর্ঘদিনের প্রত্যাশিত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জ শহরের যানজট, জলাবদ্ধতা ও দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি.কে. গউছ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও লেটার দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের স্থানীয় কর্মকর্তারা প্রায় ২৪ কিলোমিটার সড়ক ও সম্ভাব্য বাইপাস এলাকায় চার লেনের প্রাথমিক স্কেচ ম্যাপ তৈরির কাজ শুরু করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি চার লেনে উন্নীত হলে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি হ্রাসের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। তাঁদের মতে, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হওয়ার প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় রেখে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে।

বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও অনুমোদনের পর্যায়ে রয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হবে বলে জানা গেছে।

সচেতন মহলের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে হবিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাইলফলক স্থাপিত হবে। পাশাপাশি সিলেট বিভাগের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর