শিরোনাম

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশনার সময়: ১ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানীদের সর্বশেষ হিসাব অনুসারে, ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। তার পরের দিনই ২৭ মে বুধবার আমিরাতের মাটিতে বেজে উঠবে ঈদের আনন্দ-ঘণ্টা।

ঈদ উপলক্ষে আমিরাত সরকার ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের বাসিন্দারা পাবেন টানা ছয় দিনের দীর্ঘ অবকাশ। অনেকেই এই ছুটিকে পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণ বা বিশ্রামের সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

তবে সবকিছুই নির্ভর করছে আকাশের চাঁদের ওপর। ঐতিহ্য অনুসারে, ঈদুল আজহাসহ যেকোনো ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয় চাঁদ দেখার মাধ্যমে। তাই ঘোষিত এই তারিখে সামান্য পরিবর্তন আসতেও পারে।

আমিরাতের এই ঘোষণায় প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদের আনন্দ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন