শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত: সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাবনা সামনে এসেছে। এ বিষয়ে মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে এ সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জোড় ও বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, সব ধরনের ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস সরাসরি শ্রেণিকক্ষেই নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিষয়টি চূড়ান্ত করতে আগামী বুধবার জরুরি বৈঠক ডাকা হয়েছে।
এ সিদ্ধান্ত শুধু ঢাকা ও শহরাঞ্চলের জন্য প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে আলোচনা শেষে পরবর্তীতে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন

