সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ (রোববার) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই শাওন মড়ল বলেন, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরে সেখানেই মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।
মন্তব্য করুন

