টানা তিন ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র দুর্দান্ত ফর্মে রয়েছেন। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে নিজের অসাধারণ ছন্দের প্রমাণ দিয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
ভিনিসিয়ুসের ধারাবাহিক নৈপুণ্যে নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্রাজিল সমর্থকরা। এর পেছনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের একটি আকর্ষণীয় পরিসংখ্যান। অতীতে যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন, তখনই শেষ পর্যন্ত শিরোপা উঠেছে ব্রাজিলের হাতে।
১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন। সেই আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও একই কীর্তি গড়ে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেন। সেবারও বিশ্বকাপ জেতে সেলেসাওরা।
এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে তিনি যেন অতীতের সফল ব্রাজিলিয়ান কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন। ফলে অনেকের মনেই প্রশ্ন—ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে?
অবশ্য পরিসংখ্যান কখনোই ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। তবে জাইরজিনিও, রোমারিও, রোনালদো ও রিভালদোর পর ভিনিসিয়ুসের এই অর্জন বিশ্বকাপকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তার পায়ের জাদু ব্রাজিলকে কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার পথে কতটা এগিয়ে নিতে পারে।
মন্তব্য করুন

