পদ্মা সেতুর চার বছরে টোল আয় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনকারী পদ্মা সেতু চালুর চার বছর পূর্ণ করেছে। উদ্বোধনের পর থেকে সেতুটি ব্যবহার করেছে ২ কোটি ৬৭ লাখের বেশি যানবাহন। এ সময়ে টোল বাবদ সরকারের আয় হয়েছে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত মোট ২ কোটি ৬৭ লাখ ১৫ হাজার ২৩১টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এ সময় টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৪ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
বার্ষিক হিসাব অনুযায়ী, উদ্বোধনের বছর ২০২২ সালে প্রায় ২৮ লাখ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করে, যা থেকে টোল আদায় হয় প্রায় ৪০৩ কোটি টাকা। ২০২৩ সালে যানবাহনের সংখ্যা বেড়ে ৬২ লাখ ছাড়িয়ে যায় এবং আয় হয় প্রায় ৮১৫ কোটি টাকা।
পরবর্তী বছরগুলোতেও সেতুতে যান চলাচল ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে ৬৭ লাখের বেশি যানবাহন চলাচল করে, যার বিপরীতে টোল আদায় হয় ৮৩৬ কোটির বেশি টাকা। আর ২০২৫ সালে সর্বোচ্চ ৭২ লাখ ৪১ হাজারের বেশি যানবাহন সেতুটি ব্যবহার করে, যা থেকে আয় হয় প্রায় ৮৮৯ কোটি টাকা।
চলতি বছর ২৩ জুন পর্যন্ত পদ্মা সেতু ব্যবহার করেছে প্রায় ৩৭ লাখ যানবাহন। এ সময়ে টোল আদায় হয়েছে ৪৫১ কোটিরও বেশি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পদ্মা সেতু শুধু যাতায়াতের সময় ও ব্যয় কমায়নি, বরং দক্ষিণাঞ্চলের বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতে নতুন গতি সঞ্চার করেছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের চাপ এবং টোল আয়ের পরিমাণও।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় দেশের বৃহত্তম এই সেতু, যার দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
(টিএসএম)
মন্তব্য করুন

