প্রধানমন্ত্রীর হাতে কৃষক কার্ড নেওয়া সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
টাঙ্গাইলের সেই আলোচিত ও ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবির হোসেন সম্প্রতি দেশজুড়ে আলোচনায় আসেন, যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে ‘কৃষক কার্ড’ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি পরিচিত মুখে পরিণত হন।
কৃষক কার্ড নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন
গত ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের সময় কবির হোসেন প্রধানমন্ত্রী থেকে কার্ড গ্রহণ করেন। এরপর সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও কৃষি বিভাগের পৃথক তদন্তে নিশ্চিত করা হয় যে, তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক ও বর্গাচাষী ছিলেন এবং সরকারি নিয়ম অনুসরণ করেই কৃষক কার্ড পেয়েছিলেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নিজস্ব জমির পাশাপাশি বর্গাচাষের মাধ্যমে কৃষিকাজ করতেন।
শোক প্রকাশ
কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়দের মতে, সাধারণ কৃষক হয়েও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছিলেন কবির হোসেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

