৮ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী চূড়ান্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে দলটি। একই সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের মাঠপর্যায়ে সাংগঠনিক ও জনসংযোগ কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আব্দুল জব্বারকে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এসব এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন দেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরা।
এর আগে ১৯ জুন নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মাওলানা আব্দুল জব্বারের নাম মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মন্তব্য করুন

