টাকা ও কাগজপত্র নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র আত্মসাতের অভিযোগ তুলেছেন তার চীনা স্বামী।
অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় গিয়ে বিষয়টি জানান। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাওয়ায় পুলিশ তাকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।
আন হংওয়েইর দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে প্রায় চার হাজার মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে মোর্শেদা গ্রামের বাড়িতে এলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং তাকে এক নজর দেখতে অনেকেই ভিড় করেন।
অভিযোগের বিষয়ে মোর্শেদা খাতুনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, অভিযোগকারী চীনা নাগরিক থানায় এসেছিলেন। তবে ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এ কারণে তাকে সাভার থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

