আজ থেকে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে
রাজধানীর গণপরিবহনে যাত্রীসেবা আরও উন্নত করতে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী উভয় প্রান্তে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। আগে এই ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়ত। একইভাবে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন এখন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে, যা পূর্বে ছিল রাত সাড়ে ৯টায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীচাহিদা ও পরিচালন সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে প্রায় এক মাস পরীক্ষামূলকভাবে পরিচালিত বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাড়তি সময়ের মধ্যে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বাড়বে। ভবিষ্যতে যাত্রীচাহিদা এবং পরিচালন সক্ষমতার ওপর ভিত্তি করে সেবার সময় আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করলেও পরবর্তীতে ধাপে ধাপে পুরো এমআরটি লাইন-৬ এ সেবা সম্প্রসারণ করা হয়েছে।
মন্তব্য করুন

