সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।
এই আনন্দের খবর জানিয়ে নিজেদের প্রথম কাজের পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে আগামী দিনের কাজের জন্য সবার ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ঠিকানা”, নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Panorama Talent Section-এ। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’
তার কথায়, ‘এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।’
মন্তব্য করুন

