ন্যূনতম কাগজপত্রে এনআইডি সেবা নিশ্চিতের নির্দেশ সিইসির
সাধারণ মানুষের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে ন্যূনতম কাগজপত্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জনগণের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, সাধারণ মানুষ যাতে সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেই অভিযোগ যেন আর শুনতে না হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এনআইডিকেন্দ্রিক সব ধরনের দুর্নীতি থেকে কমিশন মুক্তি চায় উল্লেখ করে তিনি সেবা প্রদানে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান।
সিইসি বলেন, ‘এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চাই। সেবা পেতে হয়রানি হচ্ছে—এই শব্দ যেন আর শুনতে না হয়। ব্লেম গেম করে সেবা দেওয়া যাবে না। মানুষ সেবা পাবে, এটা নিশ্চিত করতে হবে। মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন। জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘চ্যালেঞ্জ আছে, আমরা সমাধান চাই। এনআইডিকেন্দ্রিক হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই। মানুষ যেন দুর্নীতিতে না জড়ায়। এত আবেদন দেখতে চাই না। সব জায়গার মানুষ ডাউনলোড বোঝে না। সমাধানগুলো সহজ করুন। ন্যূনতম কাগজপত্র হলেই যেন মানুষ সেবা পায় এবং কোনো হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।’
মন্তব্য করুন

