শিরোনাম

ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। ব্যাপক আকারের এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৮ জন এবং ইউক্রেনের বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম পোস্টে বৃহস্পতিবারের হামলাকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় হামলা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, “রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে ৪০০টিরও বেশি আক্রমণাত্মক ড্রোন এবং ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আগ্রাসী রুশ বাহিনী। হামলায় আটজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।”

এছাড়া অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও রেলওয়ে স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবারের হামলায় রুশ বাহিনী রাজধানী কিয়েভে দিনিপ্রো নদীর ওপর তিনটি সেতুকেও লক্ষ্যবস্তু করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনীয় সেতু লক্ষ্য করে এটিই রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা। বৃহস্পতিবার রাতে রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর বাসিন্দারা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

মন্তব্য করুন