৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ
বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অনুকূলে শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ভাতার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৭ লাখ ১২ হাজার টাকা (প্রজ্ঞাপনের হিসাব অনুযায়ী ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা)।
গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখার উপসচিব র. হ. ম. আলাওল কবির সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এই ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
নতুন আদেশে বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে অর্থ বিভাগ। মিশনের অবস্থান ও শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘ক’-এর অন্তর্ভুক্ত ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতার সীমা নির্ধারণ করেছে সরকার। এসব মিশনে এ-লেভেল পর্যন্ত একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ ‘ক’-তে রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, চীন; সিউল, দক্ষিণ কোরিয়া; টোকিও, জাপান; হংকং, চীন; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের দোহা, কাতার এবং ইউরোপের ব্রাসেলস, বেলজিয়াম; জেনেভা, সুইজারল্যান্ড; হেগ, নেদারল্যান্ডস; স্টকহোম, সুইডেন; ওয়ারশ, পোল্যান্ড; ভিয়েনা, অস্ট্রিয়া; মিলান, ইতালি; প্যারিস, ফ্রান্স ও মস্কো, রাশিয়ার বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একই সীমা নির্ধারণ করেছে সরকার। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা শিক্ষাভাতা পাওয়া যাবে।
এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুমের বাংলাদেশ মিশন।
মন্তব্য করুন

