লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে সরকারদলীয় বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ক্যাপ্টেন’ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আন্দোলনের ‘ট্রফি’ আনতে কেউ কোথাও যায়নি; বরং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে এসেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এসব কথা বলেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক শক্তি অংশ নিলেও নেতৃত্বের কেন্দ্রে ছিলেন একজনই। তার ভাষায়, “ক্যাপ্টেন একজনই থাকেন,” এবং সেই নেতৃত্বের ফলেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা এবং বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে আখ্যায়িত করার বিষয়টি তিনি উল্লেখ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যে আওয়ামী লীগকে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচি সংসদে উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগটিও রয়েছে।
মন্তব্য করুন

