শিরোনাম

কক্সবাজারে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

প্রকাশনার সময়: ৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

 

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম কমপ্লেক্সে নির্মিত অস্থায়ী ক্রিকেট প্যাভিলিয়ন ও ড্রেসিংরুম বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ প্রেক্ষাপটে নতুন করে অস্থায়ী স্থাপনা নির্মাণের পক্ষে নয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদ্যমান অস্থায়ী গ্যালারি অপসারণ করে সেখানে স্থায়ী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নিয়েছে এনএসসি।

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনি পয়েন্টে অবস্থিত বিস্তীর্ণ এই জমির মালিকানা এনএসসির হওয়ায়, এটিকে কেন্দ্র করে দেশের প্রথম পরিকল্পিত ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত ৩ এপ্রিল কক্সবাজার সফরকালে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ।

এ সময় কক্সবাজার ক্রিকেট ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার শুধু দেশের নয়, বিশ্ব পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য। স্পোর্টস ট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে পারলে ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ তৈরি হবে।

তিনি উল্লেখ করেন, অতীতে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে বিসিবি ও এনএসসির মধ্যে যে মতপার্থক্য ছিল, তা এখন আর নেই। তবে বর্তমান অবকাঠামো দিয়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন কঠিন হলেও, তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে পূর্ববর্তী পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হতে পারে, সেক্ষেত্রে ব্যয় পুনর্নির্ধারণ করে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হবে। পরবর্তীতে একনেকে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

এনএসসি আশা করছে, বর্তমান সরকারের মেয়াদেই দেশের একমাত্র আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের বিষয়টি সামনে রেখে কক্সবাজারের লাবনি পয়েন্টে এই প্রকল্প বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন