শিরোনাম

ভেঙে দেওয়া হলো বিসিবির কমিটি, নতুন সভাপতি তামিম ইকবাল

প্রকাশনার সময়: ৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এ ঘোষণা দেন।

এর আগে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ থেকে ইতোমধ্যে সাতজন পরিচালক পদত্যাগ করেন। একই সময়ে বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরে আমিনুল এহসান বলেন, আগের নির্বাচনে নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের দায়ও চিহ্নিত করা হয়েছে।

পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।

তিনি আরও জানান, সাবেক সভাপতি আমিনুল ইসলাম-এর নেতৃত্বাধীন বিদায়ী পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটির তালিকাও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইসিসির সম্মতি মিললেই কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নতুন কমিটিতে আরও রয়েছেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

মন্তব্য করুন