শিরোনাম

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়িয়ে ৩২, সংসদে বিল পাস

প্রকাশনার সময়: ৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। পরে কণ্ঠভোটে বিলটি অনুমোদন পায়।

বিলে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর সব ক্যাডার ও নন-ক্যাডার পদসহ সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন থেকে ৩২ বছর হবে। একইসঙ্গে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার যেসব পদে আগে বয়সসীমা ৩০ বা অনূর্ধ্ব ৩২ বছর ছিল, সেগুলোতেও নতুন করে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

তবে যেসব পদে আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত রয়েছে, সেগুলো অপরিবর্তিত থাকবে। ফলে নতুন আইনের কারণে কোনো প্রার্থীর সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগ তাদের নিজস্ব বিধিমালা অনুযায়ীই পরিচালিত হবে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব তৈরির লক্ষ্যেই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বাতিল করে স্থায়ী আইনি কাঠামো গড়তেই নতুন এই আইন প্রণয়ন করা হয়েছে।

এছাড়া পূর্ববর্তী অধ্যাদেশের কারণে সৃষ্ট কিছু কারিগরি জটিলতা দূর করতে বিলটিতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। বিশেষ করে যেসব পদে বয়সসীমা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেগুলো স্পষ্ট করা হয়েছে এবং পূর্বের উচ্চতর বয়সসীমা বহাল রাখা হয়েছে।

মন্তব্য করুন