শিরোনাম

জুমার দিনে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি আমল

প্রকাশনার সময়: ৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইসলামের দৃষ্টিতে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এ দিনটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের মতো। পবিত্র এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে, যা পালন করলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং গুনাহ মাফের সুযোগ মেলে। নিচে জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬টি আমল তুলে ধরা হলো—

১. জুমার নামাজ আদায়
জুমার নামাজ মুসলমানদের জন্য ফরজ ইবাদত। হাদিসে এসেছে, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান—মাঝের সময়ের ছোট গুনাহগুলো মাফ করে দেয়, যদি বড় গুনাহ থেকে বিরত থাকা যায়।

২. গোসল ও পরিচ্ছন্নতা বজায় রাখা
জুমার দিনে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। যারা এভাবে প্রস্তুতি নিয়ে আগেভাগে মসজিদে যান এবং মনোযোগ দিয়ে খুতবা শোনেন, তাদের জন্য রয়েছে বিশেষ সওয়াবের প্রতিশ্রুতি।

৩. আগে আগে মসজিদে যাওয়া
জুমার দিনে আগে মসজিদে যাওয়ার ফজিলত অনেক বেশি। হাদিস অনুযায়ী, যে ব্যক্তি প্রথমে মসজিদে যায়, সে যেন একটি বড় কোরবানি করেছে—এভাবে ধাপে ধাপে সওয়াবের মাত্রা কমতে থাকে। ইমাম খুতবা শুরু করলে ফেরেশতারাও তা মনোযোগ দিয়ে শোনেন।

৪. আছরের পর দোয়া করা
জুমার দিনে একটি বিশেষ সময় রয়েছে, যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এই সময়টি আছরের পর হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ রয়েছে। তাই এ সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. সূরা কাহাফ তিলাওয়াত
জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল। এটি দুই জুমার মধ্যবর্তী সময়কে নূরে আলোকিত করে দেয় বলে হাদিসে উল্লেখ রয়েছে।

৬. রাসুল (সা.)-এর ওপর বেশি দরুদ পাঠ
এই দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। কারণ, জুমার দিনে পাঠ করা দরুদ তাঁর কাছে পেশ করা হয়।

নারীদের জন্য করণীয়ঃ

নারীরা জুমার দিনে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। পাশাপাশি তারা সূরা কাহাফ পাঠ, দরুদ শরিফ পড়া, গোসল, নখ কাটা ও অন্যান্য আমল করতে পারেন। হাদিসে বলা হয়েছে, নারীদের জন্য ঘরের নির্জন স্থানেই নামাজ আদায় করা উত্তম। 

জুমার দিনটি আমাদের আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক বিশেষ সুযোগ। তাই এই দিনটির আমলগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করা উচিত।

মন্তব্য করুন