কিশোরী হত্যার পর ধর্ষণের নাটক, নরসিংদীতে সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
নরসিংদীর মাধবদীতে কিশোরী হত্যা: সৎপিতার স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত কিশোরীর সৎপিতা আশরাফ আলী হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ধর্ষণ ও অন্যদের জড়ানোর উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করেছিলেন তিনি।
গত বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে নরসিংদীর মাধবদী এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে সৎপিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি কিশোরীকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেন। একই সঙ্গে ধর্ষক নূর মোহাম্মদ নূরাসহ অন্যদের ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা গল্প সাজানোর কথাও জানান।
শনিবার (৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদের সময় আশরাফ আলী হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছেন। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন।
তিনি আরও জানান, ঘটনাটির প্রকৃত কারণ এবং অন্যান্য দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, কিশোরীর মরদেহ উদ্ধারের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা।
মন্তব্য করুন

