শিরোনাম

৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের করা হলো এলইডি বাল্ব

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

৯ মাসের শিশুর ফুসফুস থেকে এলইডি বাল্ব অপসারণ, বিরল অস্ত্রোপচারে প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা

ভারতের পুনেতে ৯ মাস বয়সী এক শিশুর ফুসফুস থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এলইডি বাল্ব অপসারণ করেছেন চিকিৎসকেরা। জটিল ও ঝুঁকিপূর্ণ এই চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে শিশুটির জীবন রক্ষা পাওয়ায় চিকিৎসক দল প্রশংসায় ভাসছেন।

জানা যায়, শিশুটি অসাবধানতাবশত তারসহ একটি ছোট এলইডি বাল্ব গিলে ফেলে। পরে সেটি শ্বাসনালির মাধ্যমে বাম ফুসফুসের গভীরে আটকে যায়। এতে শিশুটির শ্বাসপ্রশ্বাস মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে।

ভারতের পুনের আর্মি ইনস্টিটিউট অব কার্ডিও-থোরাসিক সায়েন্সেস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্রুত শিশুটির চিকিৎসা শুরু করেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্রঙ্কোস্কোপিক পদ্ধতিতে ফুসফুসের শ্বাসনালি থেকে বিপজ্জনক বস্তুটি অপসারণ করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, শিশুটির শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে দক্ষ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় কোনো জটিলতা ছাড়াই সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং শিশুটির স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পোস্টে আরও বলা হয়, দ্রুত সিদ্ধান্ত ও নিখুঁত চিকিৎসা ব্যবস্থাপনার কারণে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির ফুসফুস থেকে বের করা লাল রঙের ছোট এলইডি বাল্বের ছবি প্রকাশ করে। পাশাপাশি অস্ত্রোপচারের আগে ও পরের এক্স-রে ছবিও শেয়ার করা হয়, যেখানে শিশুর শ্বাসনালিতে আটকে থাকা বাল্বটি স্পষ্টভাবে দেখা যায়।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন