শিরোনাম

তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ যুবক আটক

প্রকাশনার সময়: ২৭ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

গাইবান্ধায় সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার আল আমিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। গত ২৩ মে বিকেলে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ভুক্তভোগী নারীর সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে একতরফাভাবে স্ত্রীকে তালাক দেন আল আমিন।

বিচ্ছেদের কিছুদিন পর নিজের ভুল স্বীকার করে পুনরায় বিয়ে করার আশ্বাস দিয়ে সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে খালার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে আল আমিন তা এড়িয়ে যান এবং পুনরায় বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলার পর র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‍্যাব-৪, সিপিসি-২ (নবীনগর, সাভার) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন