শিরোনাম

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

 

কোরবানির পশুর বর্জ্য ও নগরীর ময়লা-আবর্জনা সময়মতো অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব)
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বে অবহেলার কারণে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে বের হন। এসময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় পশুর বর্জ্য ও জমে থাকা ময়লা-আবর্জনা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

(সূত্র: যমুনা টিভি)

মন্তব্য করুন